প্রতিনিধি ২৭ জুন ২০২৬ , ১১:২৯:০৯ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ কয়েক মাস ধরে চলা ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সংঘাত থামানোর উদ্যোগ হিসেবে একটি রূপরেখা চুক্তি ঘোষণা করা হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে ওয়াশিংটনে যৌথভাবে এ ঘোষণা দেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা।
চুক্তিতে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদাহ। তবে চুক্তির শর্ত বা বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
চুক্তি প্রসঙ্গে নাদা হামাদাহ বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা পুনঃপ্রতিষ্ঠা, দীর্ঘদিনের সংঘাতের অবসান, বাস্তুচ্যুত নাগরিকদের নিজ এলাকায় ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি এবং দেশের মানুষের জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ সূচনা।
ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটারও চুক্তিটিকে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, প্রকৃত শান্তি তখনই সম্ভব, যখন উভয় দেশ নিরাপত্তার সঙ্গে সহাবস্থান করবে এবং একে অপরের সার্বভৌমত্বকে সম্মান জানাবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা শুরু হওয়ার কয়েক দিনের মধ্যে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করে। ওই ঘটনার পর নতুন করে ইসরায়েল-লেবানন সংঘাত তীব্র আকার ধারণ করে। পরবর্তী সময়ে ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক সামরিক অভিযান চালায় এবং কয়েকটি অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে লেবাননে চার হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে অন্তত ৩৭ জন ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন।
সপ্তাহের শুরুতে দুই পক্ষের মধ্যে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও তা বেশিক্ষণ টেকেনি। এর আগেও একাধিকবার যুদ্ধবিরতির ঘোষণা এলেও বাস্তবে সেগুলোর কোনোটিই স্থায়ীভাবে কার্যকর করা সম্ভব হয়নি।








