খেলাধুলা

পর্তুগালের জন্য রোনালদোর বর্তমান খেলার ধরন ক্ষতিকর: ফোরলান

  প্রতিনিধি ২৯ জুন ২০২৬ , ৭:৫২:০৮ প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের চলতি আসরে প্রত্যাশিত ছন্দে নেই পর্তুগাল। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে তারা কেবল উজবেকিস্তানের বিপক্ষেই জয় পেয়েছে। কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে জয়বঞ্চিত পর্তুগিজরা ম্যাচ দুটি ড্র করেছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি দুর্দান্ত ফর্মে থেকে ৬ গোল করে তালিকার শীর্ষে থাকলেও, ক্রিশ্চিয়ানো রোনালদো এখন পর্যন্ত করেছেন মাত্র ২টি গোল। পরিসংখ্যানের পাশাপাশি দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে রোনালদোর পারফরম্যান্স নিয়ে চলছে জোর সমালোচনা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে নিষ্প্রভ থাকার পর উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে রোনালদো বলেছিলেন, ‘আমি ফুরিয়ে যাইনি, আমি ফিরে এসেছি।’ তবে শেষ ষোলোতে উঠলেও নকআউটের পথে রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্স, বিশেষ করে কলম্বিয়ার বিপক্ষে বিবর্ণ রূপ ভক্তদের হতাশ করেছে। এই পরিস্থিতিতে তার ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ এবং ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী উরুগুয়ের তারকা দিয়েগো ফোরলান সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন।

ফোরলান ইএসপিএনের ‘লা কাসা দেল কুনে’ শোতে স্পষ্ট বলেছেন, মাঠে রোনালদোর এই একগুঁয়ে খেলার ধরন পর্তুগাল দলের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছে। একজন সাবেক স্ট্রাইকারের দৃষ্টিকোণ থেকে ফোরলান রোনালদোর সীমাবদ্ধতাগুলো ব্যবচ্ছেদ করে দেখিয়েছেন। তিনি বলেন, রোনালদো এখন মাঠের একদম মাঝখানে বা সেন্টার পজিশনে ঠায় দাঁড়িয়ে থাকছেন। একজন নাম্বার নাইন হিসেবে তিনি কেবল গোল করার সুযোগ খুঁজছেন, বলের নাগাল পেতে নিচে বা আশেপাশে কোথাও নামছেন না। তার এই অবস্থানের ফলে পর্তুগাল মাঠে সীমাবদ্ধ হয়ে পড়ছে।

ফোরলানের মতে, এটি সেই পুরোনো মানসিকতা যেখানে স্ট্রাইকার কেবল গোলের কাছাকাছি সুযোগের অপেক্ষায় থাকে। কিন্তু এতে দলের ক্ষতি হচ্ছে। রোনালদো এক জায়গায় দাঁড়িয়ে থাকায় প্রতিপক্ষের দুই সেন্টার ব্যাকও সেখানে অবস্থান করার সুযোগ পাচ্ছে এবং তিনি নিজেই জায়গাটি ব্লক করে রাখছেন বলে সতীর্থরা বল নিয়ে তার কাছে পৌঁছাতে পারছেন না।

রোনালদোর উদ্দেশ্যে ফোরলানের পরামর্শ, তিনি যদি কিছুটা উইংয়ে সরে আসতেন, তবে সতীর্থদের ভেতরে ঢোকার জায়গা তৈরি হতো এবং রোনালদো নিজেও প্লে-মেকিংয়ে অবদান রাখতে পারতেন। ফোরলান মনে করেন, পর্তুগাল দল খালি জায়গাগুলো ব্যবহার করতে পারছে না বলেই মার খাচ্ছে। তিনি বলেন, তাকে নড়াচড়া করতে হবে এবং পজিশন ছেড়ে বের হতে হবে; এতে নিজেও কিছু করতে পারবেন এবং দলও সুবিধা পাবে। গ্রুপ পর্ব পার করে পর্তুগাল এখন নকআউটের মঞ্চে দাঁড়িয়ে, এখন দেখার বিষয় সাবেক সতীর্থের এই যৌক্তিক সমালোচনা রোনালদোর কানে পৌঁছায় কি না।

আরও খবর

Sponsered content