প্রতিনিধি ১ জুলাই ২০২৬ , ৭:৫৫:১৬ প্রিন্ট সংস্করণ
আজ বুধবার (১ জুলাই) ব্যাংক হলিডে। এই বিশেষ দিনে দেশের সকল ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের প্রধান দুই শেয়ারবাজারেও লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী প্রতি বছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর এই দুই দিন ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালিত হয়। প্রথা অনুযায়ী, বার্ষিক হিসাব-নিকাশ সম্পন্ন করে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার লক্ষ্যেই প্রতি বছর এই দুই দিন ব্যাংক হলিডে পালন করা হয়।
অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই এবং পঞ্জিকার বর্ষপঞ্জির শেষ দিন ৩১ ডিসেম্বর সব তফসিলি ব্যাংকের লেনদেন বন্ধ রাখা হয়। তবে এই দিনগুলোতে ব্যাংকের অভ্যন্তরীণ দাফতরিক কার্যক্রম চলমান থাকে।
নির্ধারিত নীতি অনুযায়ী, ব্যাংক হলিডে চলাকালীন বাংলাদেশ ব্যাংক কিংবা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা দাফতরিক কার্যক্রম পরিচালনা করে না। তবে ব্যাংক বন্ধ থাকলেও গ্রাহকরা কার্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত টাকা উত্তোলন করতে পারবেন।




















