প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ১১:২২:৩৭ প্রিন্ট সংস্করণ
দেশের বাজারে টানা দুই দফা কমার পর আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির পক্ষ থেকে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৩০ জুন সকালে বাজুস সোনার দাম সমন্বয় করেছিল। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ওইদিন সকাল ১০টা থেকে কার্যকর ছিল।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪২ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৪২ দফা কমানো হয়েছে। এছাড়া ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।




















