জাতীয়

আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ১:২২:২২ প্রিন্ট সংস্করণ

আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬৪ জেলায় আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের কার্যক্রম উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (০২ জুলাই) সচিবালয়ে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ত্রিশালে একটি ‘কাজী নজরুল ইসলাম সিটি’ ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম এই ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ। এ দেশের মানুষও তাকে হৃদয়ে ধারণ করেছে এবং মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রে তিনি প্রধান দিশারী। দেশের সব আন্দোলন-সংগ্রামে কবির সৃষ্টি প্রধান প্রতিপাদ্য হিসেবে কাজ করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও তিনি সমান প্রাসঙ্গিক।

বর্তমান প্রযুক্তিগত বাস্তবতায় নজরুলের কবিতা নতুন প্রজন্মের কাছে আশার আলোকবর্তিকা হতে পারে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কবির ‘আমি হবো সকাল বেলার পাখি’ অথবা ‘থাকবো নাকো বদ্ধ ঘরে’র মতো কবিতাগুলো তরুণদের অনুপ্রেরণা জোগাতে পারে। এছাড়া নজরুল বর্ষের আয়োজনে বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণপত্রে নাম থাকা উচিত ছিল বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, অপশক্তি বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও ঐক্যবদ্ধ থাকাই বাঙালির চিরায়ত চরিত্র। সরকার শুধু মানুষের নিরাপত্তা নয়, কোনো প্রাণী যেন হিংস্রতার শিকার না হয় সেটিও নিশ্চিত করতে চায় এবং এতে সকলের সহযোগিতা প্রয়োজন।

এর আগে গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এক বছরের জন্য নজরুল বর্ষ ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত এই নজরুল বর্ষ কার্যকর থাকবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন সরকার গত ২১ জুন জারি করে।

আরও খবর

Sponsered content