প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ২:৫২:০৬ প্রিন্ট সংস্করণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দীর্ঘদিনের শূন্যপদ পূরণের পথে থাকা আইনি বাধা অবশেষে দূর হয়েছে। আপিল বিভাগের সাম্প্রতিক রায়ের ফলে ৩২ হাজার প্রধান শিক্ষক পদের নিয়োগ সংক্রান্ত মামলাজট কেটে গেছে বলে নিশ্চিত করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৬ হাজার ২৩৫টি পদ শূন্য রয়েছে। এই শূন্যপদগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধান শিক্ষকের এই শূন্যপদগুলোতে নিয়োগ সম্পন্ন হলে সহকারী শিক্ষকদের পদোন্নতির সুযোগ তৈরি হবে। এতে নতুন করে ৩৮ হাজার ৪৪৩টি সহকারী শিক্ষকের পদ শূন্য হবে।
ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই নতুন করে সৃষ্ট ৩৮ হাজার ৪৪৩টি সহকারী শিক্ষকের শূন্যপদ পূরণের উদ্যোগ গ্রহণ করা হবে। সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের এই বিশাল কর্মযজ্ঞ দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।




















