প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ১:৩৭:০৭ প্রিন্ট সংস্করণ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিজি-১৪৮ ফ্লাইটের কার্গো হোল্ডে তল্লাশি চালিয়ে এই চালান উদ্ধার করা হয়।
ডিজিএফআইয়ের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এভসেকের সহায়তায় বিমানের কার্গো হোল্ড থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৮ কেজি ৭২০ গ্রাম। উদ্ধার হওয়া এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কামরুল ইসলাম।
গোয়েন্দা সংস্থা, এভসেক এবং কাস্টমস হাউসসহ বিভিন্ন সংস্থার যৌথ প্রচেষ্টায় এই অভিযান পরিচালিত হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। উল্লেখ্য, এর আগে চলতি বছরের মার্চ মাসেও একই ধরনের একটি ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছিল।



















