অপরাধ

আশুলিয়ায় ফুটবল নিয়ে বিরোধে কিশোর খুন, বালুচাপা দিয়ে লাশ গোপন

  প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ৮:২২:০৮ প্রিন্ট সংস্করণ

ঢাকার সাভারের আশুলিয়ায় ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে নাহিদ হাসান নামে ১৫ বছর বয়সী এক কিশোরকে নৃশংসভাবে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, নাহিদকে ছুরিকাঘাতের পর মরদেহ বালুচাপা দিয়ে গুম করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার।

নিহত নাহিদ হাসান লালমনিরহাটের বড়বাড়ী-পঞ্চগ্রামের বাসিন্দা মোস্তাকের ছেলে। পেশায় কসাই মোস্তাক তার ছেলেকে নিয়ে আশুলিয়ার সাধুপাড়ায় বেড়াতে এসেছিলেন। পরিবারের ভাষ্যমতে, গত ২৯ জুন রাত আনুমানিক ১২টার দিকে আশুলিয়ার সাধুপাড়া এলাকার গরুর হাটের বালুচরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের অভিযোগ, ব্রাজিল-জাপান ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আর্জেন্টিনা সমর্থক নাহিদকে কৌশলে ডেকে নিয়ে যায় ব্রাজিল সমর্থক হামজা, রাকিব, মেহেদী ও সিয়াম। এরপর তারা নাহিদকে ছুরিকাঘাতে হত্যা করে এবং মরদেহ আশুলিয়ার বালুচরে নিয়ে বালুর নিচে চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহতের বাবা মোস্তাক বলেন, তার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ঘটনার পর বুধবার রাতে নিহতের স্বজনরা অভিযুক্ত হামজাকে ধরে আশুলিয়া থানায় হাজির করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

আরও খবর

Sponsered content