অপরাধ

ব্রাজিলের খেলা নিয়ে বিরোধে রাজধানীতে বিএনপিনেতাকে কুপিয়ে হত্যা

  প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ১০:০৭:২২ প্রিন্ট সংস্করণ

রাজধানীর আদাবর থানার নবোদয় কাঁচাবাজার এলাকায় ব্রাজিলের ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে সালিশ বৈঠক শেষে আবুল বাসার বাদশা (৩০) নামে এক বিএনপিনেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এই নৃশংস হামলায় ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেনও গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পর গুরুতর আহত অবস্থায় আবুল বাসার বাদশাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। আহত সাদ্দাম হোসেন বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আবুল বাসার বাদশা ময়মনসিংহ জেলার নান্দাইল থানার গফুর মিয়ার ছেলে এবং আদাবর থানার নবোদয় হাউজিংয়ের বি ব্লকে বসবাস করতেন। তিনি নবোদয় ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

ঘটনার সূত্রপাত গত ২৯ জুন, যখন নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিল ও জাপান ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবক বাঁশি বাজিয়ে হইচই শুরু করেন। এ সময় আদাবর থানা বিএনপির সদস্য হাবিব নবোদয় কাঁচাবাজারের ব্যবসায়ী মজনুর ছেলে নীরবকে চড়-থাপ্পড় মারেন, যা উভয় পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি করে। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় নীরবের ভাই রিপন ও ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং এ নিয়ে সাদ্দাম হোসেন মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এই বিরোধ মীমাংসার লক্ষ্যে বুধবার রাতে নবোদয় বাজারে একটি সালিশ বৈঠক বসে। বৈঠক শেষে মাসুম, রবিন, নাহিদ, রিপন, নিরব, পারভেজ, মজনু, সুমন ও শহিদসহ কয়েকজন ধারালো ছুরি ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা হাবিবের পক্ষের লোকজনের পাশাপাশি সাদ্দাম ও আবুল বাসার বাদশাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, হামলাকারী রিপন, নীরব, পারভেজ ও মাসুম কিশোর গ্যাংয়ের সদস্য এবং তারা স্থানীয় ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিরাজের অনুসারী হিসেবে পরিচিত।

আরও খবর

Sponsered content