মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর ২ ডিসেম্বর ২০২৫ , ১২:৫২:৪৮ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাত বাংলাদেশ শুরা–ই নেজামের আয়োজনে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমা দোয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে লাখো মুসল্লি ভিড় জমাতে থাকেন ইজতেমা ময়দানে।
সকাল ৮টা ৫১ মিনিটে আখেরি দোয়া শুরু হয়ে শেষ হয় ৯টা ১৩ মিনিটে। দোয়ার সময় পুরো টঙ্গী এলাকা “আমিন… আমিন…” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। আবেগঘন এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন অসংখ্য মুসল্লি।
পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা আখেরি দোয়া পরিচালনা করেন বলে নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরা–ই নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, এবারের জোড়ে মোট ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন।
অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জাপান, জার্মানি, ইতালি, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ।
তিনি আরও জানান, জোড় চলাকালে মোট ছয়জন মুসল্লির মৃত্যু হয়েছে।
দোয়া শেষে কয়েক হাজার চিল্লার জামাত এবং তিন চিল্লার জামাত আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় বেরিয়ে যান। অন্য মুসল্লিরা মোকামি কাজ ও আনেওয়ালা জোড়ের মেহনত নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের পর টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে




















