খেলাধুলা

উদ্‌যাপন করতে গিয়ে ভাঙল কবজি, বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৬ , ২:৩২:৫৬ প্রিন্ট সংস্করণ

মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে স্মরণীয় এই জয়ের আনন্দের মধ্যেই বড় ধাক্কা খেয়েছে থ্রি লায়ন্সরা। ম্যাচ শেষে উদ্‌যাপন করতে গিয়ে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর সতীর্থদের সঙ্গে সমর্থকদের সামনে উদ্‌যাপন করতে গিয়ে বিজ্ঞাপন বোর্ড টপকে লাফ দেওয়ার সময় ভারসাম্য হারিয়ে মাটিতে জোরে পড়ে যান হেন্ডারসন। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা মাঠে ছুটে আসেন। প্রাথমিক চিকিৎসার সময় তাকে অক্সিজেন দেওয়া হয় এবং পরে স্ট্রেচারে করে মেক্সিকো সিটির একটি হাসপাতালে নেওয়া হয়।

পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, ইংল্যান্ডের এই অভিজ্ঞ মিডফিল্ডারের কবজি ভেঙে গেছে। ফলে চলমান বিশ্বকাপে তার আর মাঠে নামা হচ্ছে না।

ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল হেন্ডারসনের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘জর্ডানের কবজিতে গুরুতর চোট লেগেছে। আজকের এমন একটি স্মরণীয় রাতের সঙ্গে এটা একেবারেই মানানসই নয় যে জর্ডান আমাদের সঙ্গে নেই। ডাক্তার শুধু জানিয়েছেন, সে এখন হাসপাতালে আছে।’

এবারের বিশ্বকাপে খুব বেশি খেলার সুযোগ পাননি সাবেক লিভারপুল অধিনায়ক। গ্রুপ পর্বে পানামার বিপক্ষে বদলি হিসেবে নেমে মাত্র কয়েক মিনিট মাঠে ছিলেন। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচেও তিনি বেঞ্চেই ছিলেন।

তবে ম্যাচ চলাকালে টাচলাইনের পাশে এক উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়ে পড়ায় বেঞ্চে বসেই একটি হলুদ কার্ড দেখেন হেন্ডারসন।

দলের বাকি সদস্যরা কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি নিতে কানসাস সিটিতে ফিরে গেলেও হেন্ডারসন আপাতত মেক্সিকো সিটিতেই অবস্থান করছেন। চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য সাপোর্ট স্টাফের একজন সদস্য তার সঙ্গে রয়েছেন।

ইংল্যান্ড এখন কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি শুরু করলেও হেন্ডারসনের ছিটকে যাওয়া দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মাঠে সীমিত সময় খেললেও ড্রেসিংরুমে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল।

আরও খবর

Sponsered content