বিনোদন

ব্রাজিলের সমর্থককে ‘রেড কার্ড’ দেখালেন আর্জেন্টিনা ভক্ত জেবা!

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ১:১৪:৩২ প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিতে ছোটপর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘রেড কার্ড’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাকে। সঙ্গে রয়েছেন অভিনেত্রী জেবা জান্নাত। নাটকটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান।

গল্পে দেখা যাবে, এলাকার সুন্দরী ও সামাজিকমাধ্যমে ভাইরাল তরুণী জেবা। তবে তার ভাইরাল হওয়ার মূল কারণ জামাল ভূঁইয়ার মন জয় করা। জেবা কট্টর আর্জেন্টিনার সমর্থক। অন্যদিকে, জামাল ব্রাজিলের ভক্ত। কাহিনিতে মোড় আসে তখন, যখন জামাল বিয়ের প্রস্তাব নিয়ে জেবাদের বাড়িতে হাজির হন। ঠিক সেই মুহূর্তে এলাকার আর্জেন্টাইন এক সমর্থক জেবাকে খবর দেন জামাল আসলে ব্রাজিলের সমর্থক।

ব্রাজিল সমর্থকের ঘরে কোনোভাবেই বউ হয়ে যাবেন না আর্জেন্টিনার ভক্ত জেবা। ফুটবল মাঠের মতো সরাসরি জামালকে রেড কার্ড দেখিয়ে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। মেয়ে দেখার আসরে এমন ঘটনায় জামালের হৃদয় ভেঙে যায়। সেই কঠিন পরিস্থিতিতে জামালের পাশে এসে দাঁড়ায় এলাকার একঝাঁক ব্রাজিল সমর্থক ও তার বন্ধু মিলন। তারা জামালের জন্য ব্রাজিলের সমর্থক সুন্দরী পাত্রীর খোঁজ শুরু করে। কিন্তু জামালের মনজুড়ে কেবলই জেবা।

অন্যদিকে, জেবাও তার সিদ্ধান্তে অনড়। একদিকে ফুটবলীয় অহংকার, অন্যদিকে ভালোবাসা- দু’জনই এখন বিরহের আগুনে পুড়ছেন। ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হওয়া জেবা-জামালের প্রেম! তাদের ফুটবলীয় যুদ্ধ শেষপর্যন্ত যেদিকে মোড় নেয়, তা নিয়েই এগিয়ে যায় নাটকটির গল্প।

নির্মাতা জানান, আজ সোমবার (১৩ জুলাই) থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বৈশাখী টিভিতে প্রচার হবে ‘রেড কার্ড’র প্রতিটি পর্ব। এতে জামাল ভূঁইয়া ও জেবা জান্নাত ছাড়াও অভিনয় করেছেন শাওন আশরাফ, সুপ্ত, সহিদ উন নবী, মো. আশিকুজ্জামান, সেঁজুতি খন্দকার, তানভীর হাসান, জারা, আনোয়ার, লিজা খানম প্রমুখ।

আরও খবর

Sponsered content