নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৫ জুলাই ২০২৬ , ১২:১৬:৫৩ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের অভ্যন্তরে গড়ে ওঠা একাধিক অবৈধ হোটেল ও স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ। মঙ্গলবার দুপুরের পর থেকে পরিচালিত অভিযানে প্রায় ৪ থেকে ৫টি অবৈধ হোটেলসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই বিভিন্ন কৌশলে সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে এসব হোটেল নির্মাণ করা হয়। পরে প্রভাবশালীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে সেগুলো পরিচালিত হয়ে আসছিল।
উচ্ছেদ অভিযানে মাধ্যম বিল্লাহ হোটেল, মুস্তাক হোটেল, বিসমিল্লাহ হোটেলসহ একাধিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতছড়ি রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জার মোবারক হোসেন। এ সময় সিএমসির সভাপতি আবুল হোসেনসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে এসব হোটেল পরিচালিত হলেও সেগুলোর সরকারি অনুমোদন ছিল কি না, সে বিষয়ে সাধারণ মানুষের স্পষ্ট ধারণা ছিল না। তারা বলেন, সাতছড়ি জাতীয় উদ্যানে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক আসেন। তাই পরিবেশ সংরক্ষণ ও আইন মেনে পর্যটকদের জন্য বিকল্প সুবিধা গড়ে তোলা হলে তা পর্যটন শিল্পের জন্য ইতিবাচক হবে।
সাতছড়ি রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জার মোবারক হোসেন বলেন, “জাতীয় উদ্যানের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও আরও ব্যাপকভাবে অভিযান পরিচালনা করা হবে।”















