সারাদেশ

জীবননগরে ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৬ , ১:৫০:২২ প্রিন্ট সংস্করণ

চুয়াডাঙ্গার জীবননগরে ঘরের দরজা বন্ধ থাকা অবস্থা থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার দিনগত গভীর রাতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে উপজেলার উথলী বাজারপাড়ার (রেলস্টেশন সংলগ্ন) একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত রবিউল ইসলাম উথলী গ্রামের বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে।

স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিনভর উথলী বাজার এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকে। সন্দেহ হলে রাত সাড়ে ১১টার দিকে উথলী বাজারের এক ব্যবসায়ী ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি দল রাত ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ঘরের দরজার ফাঁক দিয়ে রবিউলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরবর্তীতে দরজা খুলে তা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রবিউল দীর্ঘদিন ধরে উথলী বাজারপাড়ায় বসবাস করছিলেন। তিনি নানা ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করলেও সম্প্রতি মানসিক সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে তার স্ত্রী, সন্তান ও মাকে বাড়ি থেকে বের করে দিয়ে তিনি একাই ঘরে বসবাস করছিলেন। একাকী থাকা অবস্থায় কোনো এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, মরদেহটি উদ্ধার করার সময় তা বেশ পচনশীল অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, অন্তত এক সপ্তাহ আগে তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

আরও খবর

Sponsered content