কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৪:৫৮:১৯ প্রিন্ট সংস্করণ
১২ বছর বয়সী এক শিশু ও তার মাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুকে শোকজ করেছে জেলা বিএনপি।
বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশু ও তার মাকে নির্যাতনের অভিযোগ এবং এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি জেলা বিএনপির নজরে এসেছে। অভিযোগের ঘটনাকে নৈতিক অবক্ষয়, নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে জেলা বিএনপি বিষয়টিকে গুরুতর ও অনভিপ্রেত বলে জানিয়েছে।
এতে আরও বলা হয়, অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা দিতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে স্বশরীরে উপস্থিত হয়ে জেলা বিএনপির কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
জেলা বিএনপির এ সিদ্ধান্তের পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযোগের বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। তাঁদের কেউ কেউ মনে করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে চুন্নুর থাকা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
এর আগে আরও কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু স্থানীয়ভাবে আলোচনায় এসেছিলেন বলে দলীয় নেতাকর্মীরা জানান। তাঁদের দাবি, প্রকাশ্য আদালতে একটি মামলার শুনানি চলাকালে বিচারকের উপস্থিতিতে প্রতিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এ ছাড়া বিএনপি সভাপতির ব্যক্তিগত চেম্বারে দুই পক্ষের সালিশ চলাকালে অ্যাডভোকেট আবুল বাশারের সঙ্গে তাঁর হাতাহাতির ঘটনাও ঘটেছিল বলে তাঁরা দাবি করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। বর্তমান শোকজের অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জেলা বিএনপির শোকজের পর এখন তাঁর দেওয়া ব্যাখ্যার ওপরই পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নির্ভর করছে।















