প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩:১৩:১৬ প্রিন্ট সংস্করণ
রাজধানীতে পৃথক অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি শটগানের সীসা কার্তুজ, দুটি ছুরিসহ নাশকতাকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩।
গতকাল বুধবার রাতে রাজধানীর শাহবাগ ও পল্টন থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলার চরফ্যাশন থানার হাজারিগঞ্জের ইসলাম শিকদারের ছেলে মো. আরমান (২৩), বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামপুরের রিয়াজ খানের ছেলে মানিক খান (২৩) এবং চাঁদপুর জেলা সদরের দক্ষিণ গোবিন্দিয়ার রফিক আখনের ছেলে মো. মেহেদী হাসান (২৩)।
এসআরবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ থানাধীন ওসমানী স্মৃতি মিলনায়তনের ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে মো. আরমান ও মানিক খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরমানের হেফাজত থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি সবুজ রঙের শটগানের সীসা কার্তুজ উদ্ধার করা হয়।
এরপর রাত ৯টা ৫৫ মিনিটের দিকে পল্টন থানাধীন মতিউর রহমান পার্কে অভিযান চালিয়ে মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে, কাঠের হাতলযুক্ত দুটি ছুরি, পাঁচটি কাঠের স্ট্যাম্প এবং আনুমানিক দেড় ফুট লম্বা একটি স্টিলের রড উদ্ধার করা হয়।
এসআরবি-৩-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাজধানীর শাহবাগ, পল্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার কথা স্বীকার করেছেন। তারা নাশকতা চক্রের সংঘবদ্ধ ও সক্রিয় সদস্য বলেও জানিয়েছে সংস্থাটি।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসআরবি জানায়, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে।















