সারাদেশ

বদরগঞ্জে আগাছানাশক স্প্রে করে কৃষকের ভুট্টাক্ষেত নষ্টের অভিযোগ

  বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ১১ নভেম্বর ২০২৬ , ১:৫৫:০০ প্রিন্ট সংস্করণ

 

রংপুরের বদরগঞ্জে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক কৃষকের ভুট্টাক্ষেতে আগাছানাশক স্প্রে করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঁচাবাড়ী কুটিপাড়া এলাকায়। ভুক্তভোগী কৃষকের নাম মো. মাহফিদার রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, মাহফিদার রহমানের সঙ্গে প্রতিবেশী কয়েকজনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও জমির ফসল নষ্ট করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে সরাসরি হুমকি দেওয়া হয়। এর কয়েক দিন পর ৯ নভেম্বর বিকেল সাড়ে ৫টা থেকে ১০ নভেম্বর সকাল পর্যন্ত কোনো এক সময়ে অভিযুক্ত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে তাঁর ভুট্টাক্ষেতে প্রবেশ করে যন্ত্রের সাহায্যে আগাছানাশক স্প্রে করেন।

পরদিন সকালে জমিতে গিয়ে ভুট্টাগাছগুলো বিবর্ণ হয়ে শুকিয়ে ও পচে যেতে দেখেন কৃষক মাহফিদার রহমান। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি জানতে পারেন। তাঁদের মধ্যে শহিদুল ইসলাম ও জাইদুল ইসলামসহ কয়েকজনের দাবি, অভিযুক্ত ব্যক্তিরা নিজেরাই ফসলে ওষুধ স্প্রে করার কথা স্বীকার করেছেন। প্রতিবাদ করলে কৃষককে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগে মিলন মিয়া (৩৪), শওকত মিয়া (৪৮), এমদাদুল হক (৩৭), জাহাঙ্গীর বাতেন (৫৬), বেলাল (৫৩), সিয়াম (২০), সাইয়ানসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী কৃষক মাহফিদার রহমান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় তাঁর প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও পারিবারিক সিদ্ধান্তের পর তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রধান অভিযুক্ত মিলন মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। অন্য অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টাও অব্যাহত রয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content