সারাদেশ

লক্ষ্মীপুর পিডিবি কার্যালয়ের কর্মকর্তার টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, ঘুষের অভিযোগ

  জহিরুল ইসলাম টিটু, লক্ষ্মীপুর: ১১ নভেম্বর ২০২৬ , ২:০৬:৪২ প্রিন্ট সংস্করণ

 

লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিকে ঘিরে তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের সেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় গ্রাহক ও সচেতন ব্যক্তিরা।

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি বিদ্যুৎ মিটারের বিষয়ে কথা বলার সময় এক সেবাগ্রহীতার কাছে ৫ হাজার টাকা দাবি করছেন উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম। এ সময় পাশে থাকা আরেক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথা বলতে শোনা যায়। একপর্যায়ে দর-কষাকষির পর ওই সেবাগ্রহীতার কাছ থেকে ৩ হাজার টাকা গ্রহণ করেন তিনি বলে ভিডিওতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের অর্থ লেনদেনের অভিযোগ ওই কর্মকর্তার বিরুদ্ধে আগেও উঠেছে। কিছুদিন আগে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তির কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়ার অভিযোগও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

এর আগে একই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের বিরুদ্ধে কয়েক কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগসংবলিত একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। পরে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।

পরপর এমন অভিযোগ ও ভিডিও প্রকাশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন উপসহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ অসত্য তথ্য। আমি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করিনি।’

স্থানীয় গ্রাহক ও সচেতন ব্যক্তিদের দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে পিডিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

আরও খবর

Sponsered content