প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ , ৪:৩৭:১০ প্রিন্ট সংস্করণ
পাকিস্তানি এক নারীর কাছ থেকে তার নগ্ন ছবি নিয়ে এর বদলে যুদ্ধপরিকল্পনার গোপন তথ্য দিয়ে দিয়েছেন ভারতের বিমানবাহিনীর এক কর্মকর্তা। উইং কমান্ডার পদমর্যাদার এ কর্মকর্তা বর্তমানে পুলিশ হেফাজতে আছেন।
সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া শনিবার (১৪ নভেম্বর) পুলিশের চার্জশিটের বরাতে এ তথ্য জানিয়েছে।
চার্জশিটে বলা হয়েছে, বিমানবাহিনীর এ কর্মকর্তা পাকিস্তানি নারীকে প্রস্তাব দেন, নগ্ন ছবি দিলে ভারতীয় বিমানবাহিনীর গোপন যুদ্ধপরিকল্পনার একটি পাতার ছবি দেবেন তিনি। এরপর ওই ছদ্মবেশী নারী গোয়েন্দা তাকে ছবি পাঠান। এরপর তিনি যুদ্ধ পরিকল্পনার একটি পাতার ছবি তাকে পাঠান।
বিমানবাহিনীর এ কর্মকর্তা পরবর্তীতে ওই পাকিস্তানিকে বলেন, প্রত্যেকটি নগ্ন ছবির জন্য তিনি একটি করে গোপন পরিকল্পনার পাতার ছবি দেবেন।
তিনি চলতি বছরের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত পাকিস্তানি নারী গোয়েন্দার সঙ্গে যোগাযোগ রাখেন। এ সময় তিনি অতি গুরুত্বপূর্ণ তথ্য তাকে দেন।
বিষয়টি জানার পর তার বিরুদ্ধে অফিসিয়ার সিক্রেট অ্যাক্টে মামলা করা হয়। গত পাঁচ মাস ধরে তিনি পুলিশের হেফাজতে আছেন।
পুলিশ বলেছে, গত ১ এপ্রিল অভিযুক্ত কর্মকর্তা একটি স্মার্টফোন নিয়ে অফিসে প্রবেশের চেষ্টা করেন। তখন তাকে আটকানো হয় এবং তার ফোনে তল্লাশি চালানো হয়। এ সময় পুরো বিষয়টি সামনে আসে।
তিনি যেসব তথ্য দিয়েছেন তার মধ্যে ভারতীয় বিমানবাহিনীর গোপন ড্রোন ইউনিটের বিস্তারিত আছে। এরসঙ্গে ড্রোন ট্রায়াল, এগুলো কতক্ষণ উড়তে পারে সেটির তথ্য, ওয়েপন টার্গেটিং সিস্টেম এবং এটির সক্ষমতার তথ্যও পাচারকৃত তথ্যে আছে।
এছাড়া যুদ্ধ বাধলে ওই ড্রোন ইউনিটকে কোথায় মোতায়েন করা হবে সেটির তথ্যও তিনি পাকিস্তানি গোয়েন্দাকে দিয়েছেন বলে পুলিশের চার্জশিটে উল্লেখ করা হয়েছে। যা যুদ্ধরত সেনা ও সরঞ্জামকে ব্যাপক ঝুঁকিতে ফেলতে পারে বলে পুলিশ জানিয়েছে।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া





















