প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৬ , ৪:৫৩:৫৮ প্রিন্ট সংস্করণ
হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল শুরুর উদ্যোগ নিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন চীন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ আহ্বান জানান। খবর বিবিসির।
চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যেমন সম্মান করাও সুরক্ষিত রাখা উচিত, আবার একই সঙ্গে এই জলপথ দিয়ে নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন।
প্রণালিটি উন্মুক্ত রাখার বিষয়ে সর্বসম্মত আগ্রহ রয়েছে উল্লেখ করে ওয়াং ই আরও বলেন, ‘যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনায় ফেরার পক্ষে চীন সমর্থন দিচ্ছে।’
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখন থেকে ‘স্থায়ীভাবে উন্মুক্ত’ রাখা হবে এবং ভবিষ্যতে এটি আর কখনোই অবরুদ্ধ হবে না।
বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এই সিদ্ধান্তে চীন সন্তুষ্ট হয়েছে এবং বিষয়টি বৈশ্বিক অর্থনীতির জন্যও ইতিবাচক হবে।
ট্রাম্পের ভাষায়, তিনি এটি শুধু চীনের জন্য নয়, বরং বিশ্বের স্বার্থেও করছেন। পোস্টে তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের সঙ্গে ‘ভালোভাবে ও বুদ্ধিমত্তার সঙ্গে’ কাজ করছে।














