সারাদেশ

গ্যাস অনুসন্ধানে কাঁপছে ঘরবাড়ি, আতঙ্কে শিশু-বৃদ্ধ 

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৬ নভেম্বর ২০২৬ , ৫:৩০:৩৯ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে গ্যাস অনুসন্ধানে সিসমিক জরিপের অংশ হিসেবে ভূগর্ভে কৃত্রিম কম্পন সৃষ্টি করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। তবে এ কার্যক্রমের কারণে  উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়িঘর কেঁপে উঠছে। হঠাৎ কম্পনে ভূমিকম্পের আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে ছুটে আসছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিদের মধ্যে আতঙ্ক বেশি দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, তেলিয়াপাড়া, সুরমা চা বাগান ও তেলিয়াপাড়া চা বাগানসহ আশপাশের এলাকায় স্থানভেদে প্রতিদিন ১০ থেকে ১৫ বার কম্পন অনুভূত হচ্ছে। হঠাৎ বাড়িঘর কেঁপে ওঠায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, জাতীয় সম্পদ গ্যাস অনুসন্ধানে তাঁদের কোনো আপত্তি নেই। তবে এ ধরনের কার্যক্রম শুরুর আগে এলাকাবাসীকে যথাযথভাবে অবহিত করা প্রয়োজন ছিল। জরিপের ধরন ও সম্ভাব্য কম্পন সম্পর্কে আগাম তথ্য না পাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এ অবস্থায় জনসচেতনতা বাড়াতে বাপেক্সের কার্যকর উদ্যোগ দাবি করেছেন তাঁরা।
তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা অসীম রায় বলেন, গ্যাস অনুসন্ধানে এলাকাবাসীর কোনো আপত্তি নেই। বরং এ কাজে তাঁরা সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু সিসমিক জরিপের কারণে বাড়িঘর কেঁপে উঠলে মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন। কার্যক্রম শুরুর আগে এলাকাবাসীকে জানানো হলে এমন পরিস্থিতি তৈরি হতো না। তাই এ বিষয়ে আরও প্রচার-প্রচারণা প্রয়োজন।
সুরমা চা বাগানের ৮ নম্বর এলাকার বাসিন্দা আজাদ মিয়া বলেন, প্রতিদিন ১০ থেকে ১৫ বার ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হচ্ছে। হঠাৎ ঘরবাড়ি কেঁপে উঠলে ভূমিকম্প মনে করে তাঁরা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। তাঁর মতে, এ ধরনের কার্যক্রম শুরুর আগে কর্তৃপক্ষের এলাকাবাসীকে জানানো উচিত ছিল।
এ বিষয়ে বাপেক্সের ২-ডি সিসমিক জরিপের সমন্বয়ক মোস্তফা কামাল বলেন, হ্যান্ডবিল বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। সিসমিক জরিপের অংশ হিসেবে কৃত্রিম কম্পন সৃষ্টি করা হলেও ৮০ মিটার দূরত্বে থাকা বাড়িঘরের কোনো ক্ষতি হয় না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাপেক্সের জনসংযোগ কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, সিসমিক জরিপ সম্পর্কে হ্যান্ডবিল বিতরণ ও মাইকিং করা হয়েছে। তবে সাধারণ মানুষকে প্রত্যাশিত মাত্রায় সচেতন করা সম্ভব হয়নি। তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান এবং এক-দুই দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, এ বিষয়ে কয়েক দিন আগে তিনি বাপেক্সের সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপকের (ডিজিএম) সঙ্গে কথা বলেছেন। স্থানীয় এক বাসিন্দা বিষয়টি নিয়ে তাঁর কাছে অভিযোগ করেছিলেন। এ ধরনের কার্যক্রম শুরুর অন্তত এক দিন আগে মাইকিং কিংবা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে জানানো প্রয়োজন, যাতে তাঁরা আগে থেকেই প্রস্তুত থাকতে পারেন। এ বিষয়ে বাপেক্স কর্তৃপক্ষের সঙ্গে আবারও কথা বলবেন বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content