শিক্ষা ও শিক্ষাঙ্গন

মহাখালীর ‘দূরবীন বাংলা’য় হামলা: মামলা নিয়ে ফেসবুকে এনএসইউ শিক্ষার্থীর উস্কানিমূলক পোস্ট 

  নিজস্ব প্রতিবেদক: ১৭ নভেম্বর ২০২৬ , ৩:৫৪:১৩ প্রিন্ট সংস্করণ

রাজধানীর মহাখালীতে অবস্থিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আসামি করে মামলা দায়েরের পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) আইন বিভাগের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি উসকানিমূলক স্ট্যাটাস দিয়েছেন। ওই পোস্টে একটি নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও এর শিক্ষার্থীদের হেয় প্রতিপন্ন করা ছাড়াও কলেজটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয়েছে, যা নিয়ে সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ওই শিক্ষার্থীর নাম ফারদিন হাসান। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা যায়, গত কিছুদিন আগে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় রেস্তোরাঁ কর্তৃপক্ষ সরকারি তিতুমীর কলেজের ৯ জন শিক্ষার্থীকে আসামি করে মামলা দায়ের করে। মামলার প্রতিবাদে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করলে ফারদিন হাসান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন।
উক্ত স্ট্যাটাসে তিনি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ‘অশিক্ষিত’ হিসেবে উল্লেখ করে লেখেন, “মানে আপনি ক্ষয়ক্ষতির স্বীকার হবেন, ব্যবসায়িক লোকসান টানবেন আবার মামলা করে আইনি প্রতিকার চাইলে আপনার বিরুদ্ধে রাস্তাঘাটে মিছিল হবে। ঠিক কতটা অশিক্ষিত হলে কোনো সো কল্ড শিক্ষার্থী এমনটা করতে পারে?”
পোস্টের শেষাংশে তিনি তিতুমীর কলেজ বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়ে আরও লেখেন, “এমন পরিস্থিতিতে তিতুমীর কলেজ উঠায় দেওয়া যাইতে পারে। এতে ঢাকাবাসী একটা বড় সংখ্যক জাতির বোঝা থেকে মুক্তি পাবে যাদের এই রাষ্ট্র কিংবা সমাজে কোনপ্রকার অবদান রাখার যোগ্যতা নাই। অন্যদিকে একটা ভালো রেস্টুরেন্টও টিকে যাবে। যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এই শিক্ষা প্রতিষ্ঠান নামক জাতির বোঝাটা যত দ্রুত সম্ভব যেনো বন্ধ করে দেওয়া নিয়ে কাজ শুরু করা হোক।”
এদিকে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষার্থীর কাছ থেকে দেশের একটি ঐতিহ্যবাহী সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ শিক্ষার্থী সমাজকে নিয়ে এমন আক্রমণাত্মক, অবমাননাকর ও উসকানিমূলক মন্তব্য কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন শিক্ষাবিদ ও সচেতন নাগরিকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্ট ছড়িয়ে পড়ার পর থেকেই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন মহলের মানুষ।
বিশেষজ্ঞদের মতে, আইনি প্রতিকার চাওয়ার বিষয়টি একটি গণতান্ত্রিক ও নাগরিক অধিকার। কিন্তু এর কেন্দ্র করে একটি গোটা শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘জাতির বোঝা’ আখ্যা দিয়ে তা উচ্ছেদ করার প্রকাশ্য আহ্বান আইন ও শৃঙ্খলার পরিপন্থী এবং উসকানিমূলক। অবিলম্বে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থী ও সচেতন মহল।

আরও খবর

Sponsered content