দিনাজপুর প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৬ , ১:২৩:২৮ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় মাইদুল ইসলাম (৩৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের তেঁতুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইদুল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ গোপাল রায় গ্রামের ইছাহাক আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে লালমনিরহাট থেকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মাইদুল ইসলাম। পথে ফুলবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তেঁতুলিয়া গ্রামে সুমনের করাতকলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





















