সারাদেশ

গোলাপগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা

  সিলেট প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ , ১১:১১:৫২ প্রিন্ট সংস্করণ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বিএনপির নেতা কামরুজ্জামান দ্বারার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা জানিয়েছেন লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রুমন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের উত্তরগাঁও মাঝপাড়া গ্রামে কামরুজ্জামান দ্বারার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন; তবে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই বসতবাড়িতে মোট ১১টি ঘর ছিল এবং পুরো বাড়ি পুড়ে গেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কামরুজ্জামান দ্বারা জানান, আগুনে দুটি মোটরসাইকেল, ঘরের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও স্বর্ণালংকার পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

ঘটনা প্রসঙ্গে আবুল কাশেম রুমন বলেন, সাজানো সংসার পুড়ে যাওয়ার কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। পরিবারের সবাই প্রাণে বেঁচে থাকায় স্বস্তি প্রকাশ করে তিনি ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং সব সময় পাশে থাকার কথা বলেন।

আরও খবর

Sponsered content