পিরোজপুর প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৬ , ৭:৩৮:২০ প্রিন্ট সংস্করণ
পিরোজপুরের নেছারাবাদে ছারছীনা দরবার শরিফের ১৩৬তম তিন দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) মাগরিবের নামাজের পর মাহফিলের উদ্বোধন করা হয়।
কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও জিকিরের তালিম পরিচালনার মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়। তিন দিনব্যাপী এই মাহফিলে প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর জিকিরের তালিম পরিচালনা করবেন ছারছীনা দরবার শরিফের পীর মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন। এ ছাড়া বিভিন্ন আলেম-ওলামা ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর ওয়াজ-নসিহত করবেন।
মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন মাহফিলের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আলেম-ওলামা, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নেতাকর্মী ও মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) জোহরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করবেন ছারছীনা দরবার শরিফের পীর।
মাহফিল উপলক্ষে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা, সংগঠনটির নেতাকর্মী ও মুসল্লিরা দরবার শরিফ এলাকায় সমবেত হয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে লঞ্চ, বাস ও ট্রলারসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা মাহফিলস্থলে আসছেন।















