প্রতিনিধি ২৮ জুন ২০২৬ , ৮:৪৬:০৯ প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপে নিজেদের প্রথম আসরেই ইতিহাস রচনা করেছে কেপ ভার্দে। হিউস্টনে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ এইচ থেকে দ্বিতীয় হয়ে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে তারা। এই সাফল্যের মাধ্যমে জনসংখ্যা বিবেচনায় বিশ্বকাপের নকআউট পর্বে খেলা সবচেয়ে ছোট দেশ হিসেবে নিজেদের নাম লিখিয়েছে তারা। সেই সঙ্গে ২০১০ সালের পর প্রথমবারের মতো কোনো দল হিসেবে অভিষেকেই নকআউটে খেলার কৃতিত্ব অর্জন করেছে কেপ ভার্দে।
স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের সঙ্গে একই গ্রুপে থেকেও তিনটি ড্রয়ের মাধ্যমে এই অনন্য কীর্তি গড়েছে দলটি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের দেশের পতাকা কাঁধে নিয়ে কথা বলেন কোচ বুবিস্তা। এমন রেকর্ড সম্পর্কে জানতে পেরে তিনি বলেন, আমি সত্যিই জানতাম না। তবে এটি প্রমাণ করে যে একাগ্রতা, কঠোর পরিশ্রম ও সুশৃঙ্খল থাকলে ছোট দেশগুলোও বড় লক্ষ্য পূরণ করতে পারে। আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে, কিছুই অসম্ভব নয়। আমরা কেবল আমাদের দেশের নয়, বরং আফ্রিকা ও বিশ্বের সব ছোট দেশের প্রতিনিধিত্ব করছি।
তিনি আরও যোগ করেন, আমি সবসময় বিশ্বাস করতাম, দেরিতে হলেও কেপ ভার্দে একদিন এই বড় মঞ্চে আসবে। পথটা সহজ ছিল না, কিন্তু আমরা ধৈর্য ধরে প্রতিটি ধাপ অতিক্রম করেছি। আমরা বিশ্বকে দেখিয়েছি কঠিন পরিস্থিতি দেখে ভয় পাওয়া উচিত নয়। এখন আমরা নকআউটে পৌঁছেছি, এটি আমাদের দেশ, আমাদের দলের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য এবং বিশেষ করে খেলোয়াড়দের জন্য একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত।
আগামী শুক্রবার মিয়ামিতে শক্তিশালী আর্জেন্টিনার মোকাবিলা করবে কেপ ভার্দে। লিওনেল মেসির দলকে নিয়ে বুবিস্তা বলেন, আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য গর্বের। এই দেশটির সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিপক্ষ যে-ই হোক না কেন, আমরা আমাদের নিজস্ব পরিচিতি বজায় রেখেই মাঠে লড়াই করব। আমরা জানি আর্জেন্টিনার দলে বিশ্বের সেরা কিছু ফুটবলার রয়েছেন এবং তাদের নেতৃত্বে আছেন মেসি, যাকে অনেকে সর্বকালের সেরা হিসেবে বিবেচনা করেন।
ম্যাচ চলাকালীন ড্রেসিং রুম থেকে কেপ ভার্দে খেলোয়াড়দের উল্লাসের শব্দ ভেসে আসছিল। সংবাদ সম্মেলন কক্ষের খুব কাছেই চল ছিল সেই আনন্দের বহিঃপ্রকাশ।




















