এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা: ১৫ অক্টোবর ২০২৬ , ১:০৭:৫৩ প্রিন্ট সংস্করণ
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এবং মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার। এ ছাড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতারা বক্তব্য দেন।
সভায় হিন্দু সম্প্রদায়ের শতাধিক মানুষ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, এ বছর কলাপাড়া উপজেলায় ১৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি পুলিশের টহল দল ও সাদাপোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
নিরাপত্তা নিশ্চিত করতে সব পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার কথাও সভায় জানানো হয়।





















