শেখ শোভন আহমেদ, কাশিয়ানী (গোপালগঞ্জ): ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৩:১২ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পেঁয়াজ চাষে বাম্পার ফলনের আশায় দিন গুনছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকায় পেঁয়াজ চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা।
চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৭০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭ হাজার মেট্রিক টন, যা আগের মৌসুমগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
কৃষি বিভাগ ও কৃষকদের মতে, এ বছর আবহাওয়া পেঁয়াজ চাষের অনুকূলে রয়েছে। উন্নত ও উচ্চফলনশীল জাত নির্বাচন, সঠিক পরিচর্যা এবং পরিমিত সার প্রয়োগের কারণে ফলন ভালো হবে বলে আশা করছেন তারা।
কাশিয়ানীর সোনাডাঙ্গা এলাকার পেঁয়াজ চাষি মনির হোসেন বলেন, “এবার আমরা পেঁয়াজের ভালো ফলন পাব বলে আশা করছি। আবহাওয়া অনুকূলে ছিল। আমরা হাইব্রিড জাতের পেঁয়াজ চাষ করেছি, যা ভালো মানের ও ফলনশীল।”
কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করীম বলেন, “উপজেলার পেঁয়াজ চাষিদের নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হবে বলে আশা করছি। পাশাপাশি বাজারদরও কৃষকদের অনুকূলে থাকবে বলে প্রত্যাশা।”




















