প্রচ্ছদ » প্রচ্ছদ » গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে র্যাব সদস্য নিহত
গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে র্যাব সদস্য নিহত
গাইবান্ধা জেলা প্রতিনিধি ১২ মে ২০২৫ , ৬:০৯:১৮প্রিন্ট
সংস্করণ
গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (৩০) নামে র্যাবের এক কনস্টেবল নিহত হয়েছেন।
রোববার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পে কর্মরত ছিলেন এবং তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, কর্তব্য শেষে ক্যাম্পে ফেরার সময় মোটরসাইকেলে করে সহকর্মীর সঙ্গে সাহার বাজার এলাকায় পৌঁছান তিনি। হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে একটি গাছের বড় ডাল ভেঙে পড়ে তাদের ওপর। এতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার সহকর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার। তিনি বলেন, কালবৈশাখী ঝড়ের সময় র্যাবের একজন সদস্য প্রাণ হারিয়েছেন।