অপরাধ

ঠাকুরগাঁওয়ে ১৪৫ ইয়াবা ও ১০ লাখ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ১ সেপ্টেম্বর ২০২৬ , ৩:৪৯:৩২ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকবিরোধী অভিযানে ১৪৫ পিস ইয়াবা, মাদক বিক্রির অর্থ হিসেবে দাবি করা ১০ লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও (জিগা) গ্রামের নয়াবাঁশ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাজির হোসেন (৫৫) ও তাঁর স্ত্রী মোছা. নাজমা বেগম (৪৮)।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানার ভাতুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রগাঁও (জিগা) গ্রামের নয়াবাঁশ এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজির হোসেন মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

পুলিশের দাবি, নাজির হোসেনকে তল্লাশি করে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৬০ সিসি হোন্ডা এক্সব্লেড মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, নাজির হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান করা হয়। একপর্যায়ে তাঁর স্ত্রী নাজমা বেগম সেখানে উপস্থিত হলে তাঁর সঙ্গে থাকা একটি শপিং ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগ থেকে নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, ওই অর্থ মাদক বিক্রির টাকা।

জেলা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সরবরাহকারী, সহযোগী ও ক্রেতাসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মাদকের উৎস, সরবরাহের পথ এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার নাজির হোসেন ও নাজমা বেগমসহ পলাতক আসামিদের বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকের উৎস শনাক্ত করে নির্মূল করতে অভিযান আরও জোরদার করা হবে।

আরও খবর

Sponsered content