খেলাধুলা

মধ্যপ্রাচ্য সংকটে ভারতে আটকে গেল উইন্ডিজ দল

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৬ , ১২:১২:৪১ প্রিন্ট সংস্করণ

উপসাগরীয় অঞ্চলে সামরিক তৎপরতা ঘিরে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগ ও আন্তর্জাতিক আকাশসীমায় বিধিনিষেধের কারণে ভারত থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের দেশে ফেরার সূচি স্থগিত করা হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

এক বিবৃতিতে বোর্ড জানায়, উপসাগরীয় অঞ্চলে সামরিক পদক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তা হুমকির কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক উড়ানপথে প্রভাব পড়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান সংস্থাগুলো নির্ধারিত ফ্লাইট সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তা ও সুস্থতাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেছে বোর্ড।

বিবৃতিতে আরও বলা হয়, দল ও সহায়ক কর্মীদের দ্রুততম সময়ের মধ্যে নিরাপদে ফেরানোর ব্যবস্থা করতে আইসিসি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দল ভারতে নিরাপদ আবাসনে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভ্রমণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হলে সমর্থক ও সংশ্লিষ্টদের জানানো হবে।

এদিকে, কলকাতার ইডেন গার্ডেন্সে সুপার এইট পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে পাঁচ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ক্যারিবীয়রা। লিগ পর্বে অপরাজিত থাকলেও সুপার এইটে ছন্দ হারিয়ে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় তারা।

শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ চার উইকেটে ১৯৫ রান তোলে। রোস্টন চেজ করেন ৪০ রান, শাই হোপ ৩২, শিমরন হেটমায়ার ২৭। এছাড়া জেসন হোল্ডার (৩৭ অপরাজিত) ও রভম্যান পাওয়েল (৩৪ অপরাজিত) মিলে ৭৬ রানের জুটি গড়েন। ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ নেন দুই উইকেট।

জবাবে সঞ্জু স্যামসনের ৫০ বলে অপরাজিত ৯৭ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। সূর্যকুমার যাদব করেন ১৬ বলে ১৮ রান এবং তিলক ভার্মা ১৫ বলে ২৭ রান যোগ করেন। এতে সহজ পাঁচ উইকেটের জয় নিশ্চিত হয় ভারতের।

উল্লেখ্য, পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দুইবার শিরোপা জিতেছে-২০১২ ও ২০১৬ সালে।

আরও খবর

Sponsered content