প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১:২২:৪৫ প্রিন্ট সংস্করণ
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঁচদিন লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার। আজ রোববার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর রাজশাহীর বিনোদপুর এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মস্তিষ্কে গুরুতর আহত হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে পরদিন এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রাফিদ শাহরিয়ার রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা।
চিকিৎসক সূত্রে জানা যায়, তিনি মস্তিষ্কের হাইপোথ্যালমাসে প্রচন্ড আঘাত পেয়েছিলেন এবং বাম অংশ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। নিউরো সার্জন জানিয়েছেন, তার ব্রেনের অর্ধেক অংশ পুরোপুরি নষ্ট হয়ে গেছিল। মস্তিষ্কের ঐ অংশে কোনো নিউরন কাজ করছে না এবং কোষগুলো রিকভারি করাও সম্ভব নয়।
জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল আকস্মিকভাবে ইউ-টার্ন নেওয়ার সময় রাফিদের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কের ডিভাইডারে মাথায় সরাসরি আঘাত পান। দুর্ঘটনার পরপরই সহপাঠী ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রথমে জরুরি বিভাগের ৮নং ওয়ার্ডে ও পরে অপারেশন থিয়েটারে নেয়া হয়। তবে অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউ কেন্দ্রে স্থানান্তর করা হয়।
রাফিদের বন্ধু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র শিবলী সাদিক বলেন, প্রথম জানাযা খিলগাঁও চৌরাস্তার মোড় জনতা ফার্মেসির গলিতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চুয়াডাঙ্গায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
রাফিদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পুরো রুয়েট পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার শোকসন্তপ্ত পরিবার, শিক্ষক ও সহপাঠীরা রাফিদের রুহের মাগফিরাত কামনা করেছেন।





















