সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার পণ্য জব্দ

  সাতক্ষীরা প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ , ৮:৪৫:৪২ প্রিন্ট সংস্করণ


সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল নিজ নিজ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, সাতক্ষীরা সদর উপজেলার শালবাগান এলাকা থেকে ৩৬ হাজার টাকা মূল্যের পাতার বিড়ি জব্দ করা হয়। কলারোয়ার মাজেদারখাল এলাকা থেকে ৭ লাখ ৫৪ হাজার টাকার মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং রাজপুর এলাকা থেকে ১ লাখ ৩৩ হাজার ৮০০ টাকার মোবাইল যন্ত্রাংশ ও আগরবাতি উদ্ধার করা হয়।

এ ছাড়া সদর উপজেলার হঠাৎগঞ্জ এলাকা থেকে ৭২ হাজার ২০০ টাকা মূল্যের পাতার বিড়ি ও ব্যাগ জব্দ করা হয়েছে।

জব্দকৃত পণ্যের মোট মূল্য ৯ লাখ ৯৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

সংস্থাটি আরও জানায়, শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে দেশে আনা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

স্থানীয়রা বিজিবির এ অভিযানকে স্বাগত জানিয়ে চোরাচালান রোধে এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content