মো: সাকিব চৌধুরী, রংপুর প্রতিনিধি : ৬ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৫৩:১৭ প্রিন্ট সংস্করণ
আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের, যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা নেই—আমরা যদি মনে করি তিনি যোগ্য প্রার্থী, তাহলে আমরা মনোনয়ন দেবো না কেন? অবশ্যই দেবো। আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।”
মোস্তফা বলেন, দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচিতে মব সন্ত্রাস, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জনগণের মনে আশঙ্কা তৈরি হয়েছে। “যদি সরকারই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তবে কিভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে?”—প্রশ্ন রাখেন তিনি।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য দলের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। আওয়ামী লীগের অনেক সৎ ও ক্লিন ইমেজের নেতা জাতীয় পার্টিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মধ্যে যোগ্য ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হবে।
তিনি আরও জানান, জাপা ৩০০ আসনেই প্রার্থী দেবে। তবে স্থানীয়ভাবে শক্তিশালী, জনপ্রিয় এবং ক্লিন ইমেজধারী কেউ থাকলে তাকেও মনোনয়ন দেওয়া হবে।
সভা শেষে দলীয় নেতাকর্মীরা সম্প্রতি কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতারা অভিযোগ করেন, দলীয় অফিস ও নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ স্থানীয় নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।




















