প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ৯:৫২:০৬ প্রিন্ট সংস্করণ
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি মানবিক আচরণ এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের একটি দল। ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব ও সুনীল গাভাস্কারসহ ২১ জন সাবেক অধিনায়ক এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি দিয়েছেন।
রোববার প্রকাশিত এই আবেদনে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। আদালতের নির্দেশে ইমরানের চিকিৎসা পরীক্ষা বাধাগ্রস্ত হয়েছে এবং আদালতের নির্দেশ যথাযথভাবে মানা হয়নি—এমন খবর প্রকাশের পরই নতুন করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৯৯২ সালে পাকিস্তানকে প্রথম বিশ্বকাপ জেতানো ইমরান খান তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন।
এর আগে ছয় মাস আগে ১৪ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে পাকিস্তান সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। এবার আরও সাত সাবেক অধিনায়ক সেই আবেদনে যোগ দিয়েছেন। ফলে আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।
চিঠিতে সাবেক অধিনায়করা বলেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী, ছয় মাস আগে ১৪ জন সাবেক আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক আপনাকে এবং পাকিস্তান সরকারকে ইমরান খানের প্রতি মানবিক আচরণ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন। আমরা তখন রাজনীতিবিদ হিসেবে নয়, ক্রিকেট মাঠে গড়ে ওঠা সম্পর্কের কারণে সাবেক সতীর্থ ও প্রতিদ্বন্দ্বী হিসেবে লিখেছিলাম। এমন এক সম্পর্ক, যা দেশগুলোর মধ্যে থাকা সীমান্ত ও বিরোধের ঊর্ধ্বে। এবার যা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে, তার কারণে আরও সাতজন সাবেক অধিনায়ককে সঙ্গে নিয়ে আমরা আবার লিখছি।’
চিঠিতে আরও বলা হয়েছে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে হাসপাতালে নিয়ে গিয়ে একটি চিকিৎসা বোর্ডের মাধ্যমে পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিলেন। ওই বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ও তার বোন চিকিৎসক উজমা খানকে রাখার কথা ছিল। আদালত একই সঙ্গে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থাও পুনর্বহাল করেছিলেন।
সাবেক অধিনায়করা বলেন, ‘এগুলো ছিল অত্যন্ত স্বাগত জানানোর মতো পদক্ষেপ। কিন্তু উদ্বেগের বিষয় হলো, ইমরানের হাসপাতালে অবস্থান মাত্র কয়েক ঘণ্টা স্থায়ী হয়। আদালতের নির্দেশিত বোর্ডের পরিবর্তে রাষ্ট্রীয়ভাবে নিয়োগ করা একটি দল তাকে পরীক্ষা করে চিকিৎসাগতভাবে সুস্থ ঘোষণা করে আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেয়। অথচ আদালতের নির্দেশিত বোর্ড তখনও তার কাজ শেষ করতে পারেনি। তার পরিবার ও আইনজীবী দল বলছে, এটি আদালতের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
আবেদনে তিনটি নির্দিষ্ট দাবি জানানো হয়েছে। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত চিকিৎসা বোর্ডকে ইমরান খানের স্বাস্থ্যের পূর্ণাঙ্গ ও স্বাধীন মূল্যায়নের সুযোগ দিতে হবে।
দ্বিতীয়ত, আদালতের নির্দেশে পুনর্বহাল করা সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ কোনো ধরনের বাধা বা প্রশাসনিক বিলম্ব ছাড়াই নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, চিকিৎসা পরীক্ষার পর যে চিকিৎসার সুপারিশ করা হবে, তা যেন কোনো ধরনের বিলম্ব ছাড়াই ইমরান খানকে দেওয়া হয়।
চিঠিতে সাবেক অধিনায়করা বলেন, ‘আমরা পাকিস্তানের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার বিচার করতে চাই না। এটি আমাদের বিষয় নয়। তবে আমরা আবারও সম্মানের সঙ্গে অনুরোধ করছি—সুপ্রিম কোর্টের নির্দেশিত চিকিৎসা বোর্ডকে, যেখানে ইমরান খানের নিজস্ব চিকিৎসকরাও থাকবেন, তার স্বাস্থ্যের পূর্ণাঙ্গ ও স্বাধীন মূল্যায়ন সম্পন্ন করার সুযোগ দেওয়া হোক। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর যে খবর পাওয়া গেছে, সেটি গুরুত্বের সঙ্গে পরীক্ষা করা প্রয়োজন।’
তারা আরও বলেন, ‘আদালতের পুনর্বহাল করা সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ যেন কোনো বাধা বা প্রশাসনিক বিলম্ব ছাড়াই নিশ্চিত করা হয়।’
চিঠিতে বলা হয়, ‘ইমরান খানের বয়স ৭৩ বছর এবং তিনি তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন। তার মামলা ঘিরে আইনি ও রাজনৈতিক বিতর্ক যা-ই থাকুক না কেন, আদালতের নির্দেশিত চিকিৎসা প্রক্রিয়া বাস্তবে সম্পন্ন করা হচ্ছে—এটি নিশ্চিত করা ন্যূনতম মানবিকতার বিষয়। আমাদের দৃষ্টিতে এটি কোনো বিতর্কিত দাবি নয়। আমরা বিশ্বাস করি, ক্রিকেট খেলা প্রতিটি দেশই এটিকে ন্যায্য দাবি হিসেবে বিবেচনা করবে। আমরা আশা করি, বিষয়টির দ্রুত সমাধান হবে এবং ইমরান খান যে মর্যাদা পাওয়ার যোগ্য, তা নিশ্চিত করা হবে।’
যারা চিঠিতে স্বাক্ষর করেছেন
সাবেক ইংল্যান্ড অধিনায়কদের মধ্যে রয়েছেন মাইকেল আথারটন, মাইকেল ব্রিয়ারলি, স্যার অ্যালিস্টার কুক, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন ও স্যার অ্যান্ড্রু স্ট্রাউস।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কদের মধ্যে রয়েছেন অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, কিম হিউজ ও স্টিভ ওয়াহ।
ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও কিংবদন্তি সুনীল গাভাস্কারও এই আবেদনে সমর্থন জানিয়েছেন। সাবেক ভারতীয় অধিনায়ক দিলীপ ভেংসরকারও স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন।
২১ জন স্বাক্ষরকারীর পূর্ণ তালিকায় রয়েছেন মাইকেল আথারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালান বোর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, স্যার অ্যালিস্টার কুক, সুনীল গাভাস্কার, লি জার্মন, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেইন, স্যার ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, স্যার অ্যান্ড্রু স্ট্রাউস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট।





















