নাজমুল ইসলাম মণ্ডল ৬ ডিসেম্বর ২০২৫ , ৬:৩২:৫৫ প্রিন্ট সংস্করণ
উত্তরা পূর্ব থানার সিটি ক্লাবের উদ্যোগে টানা ৪০ দিন ফজর ও এশার নামাজ জামাতে আদায়কারী ২০০ শিশু–কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির ফুটবল মাঠে এ ব্যতিক্রমী পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ আয়োজনকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, অংশগ্রহণকারী কিশোরদের মাঝে ছিল দারুণ উচ্ছ্বাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নুরুল ইসলাম (সাবেক কর্মকর্তা, ইসলামী ব্যাংক), মর্তুজা আলী (সাধারণ সম্পাদক, ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি), মিজানুর রহমান (সাবেক পরিচালক, ফুলকুঁড়ি), জোয়ার্দার শাহরিয়ার কাশেম (সভাপতি, ৪ নম্বর সেক্টর জামে মসজিদ), আসিফ আব্দুল্লাহ (ডাকসু পরিবহন সম্পাদক), রেজাউল করিম শাকিল (মহাপরিচালক, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ঢাকা মহানগর উত্তর) এবং সিটি ক্লাবের উপদেষ্টা মুহাম্মাদ জামালউদ্দিন। বক্তারা শিশু–কিশোরদের মসজিদমুখী করতে সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে ঢাকা–১৮ আসনের সংসদ প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক বলেন, “নামাজের অর্থ জানা জরুরি। এভাবে জীবন গড়ে তুলতে পারলে দুনিয়ার সাইকেলের চেয়েও উত্তম পুরস্কার আখিরাতে অপেক্ষা করছে।” তিনি মসজিদে নারীদের নামাজের সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অভিভাবকদের সন্তানদের নিয়মিত মসজিদে আনার অনুরোধ জানান।
প্রধান অতিথি, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, “আজকাল গান–নাচের প্রতিযোগিতা হয়, কিন্তু নামাজের প্রতিযোগিতা হয় না। সিটি ক্লাবের এই আয়োজন সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ করেছে।” তিনি কোরআনের আয়াত “কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারো” উদ্ধৃত করে পরিবার–পরিজনকে আল্লাহর পথে পরিচালনার গুরুত্ব তুলে ধরেন এবং দীন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও অনুবাদক আলী আহমেদ মাবরূর, ডাকসুর সাবেক এজিএস মহিউদ্দিন খান এবং সিটি ক্লাবের সভাপতি ও সমাজসেবক জহিরুল ইসলাম।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ উত্তরায় ধর্মীয় অনুশাসন চর্চা, শিশু–কিশোরদের নৈতিক বিকাশ এবং মসজিদমুখী প্রজন্ম গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।




















