সারাদেশ

কুয়াকাটা পৌর বিএনপি নেতাকে জেলা বিএনপির শোকজ : বিচারাধীন জমি নিয়ে দলীয়ভাবে বিচার কার্যক্রমের অভিযোগ

  এ এম মিজানুর রহমান বুলেট, পটুয়াখালী উপজেলা সংবাদদাতা ৩ অক্টোবর ২০২৬ , ৪:২৯:৩৯ প্রিন্ট সংস্করণ

আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞা থাকা জমি জবরদখলে সহযোগিতা এবং দলীয়ভাবে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারকে শোকজ নোটিশ দিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি।

শনিবার (৩ অক্টোবর) জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে দলীয় কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, বিচারাধীন এবং আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা একটি জমি দখলের অভিযোগ জেলা বিএনপির নজরে এসেছে। একই সঙ্গে বিরোধীয় জমি নিয়ে একতরফাভাবে বিচার করে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে। এ-সংক্রান্ত একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টিও জেলা বিএনপির নজরে এসেছে।

জেলা বিএনপির নোটিশে আরও বলা হয়, আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞা বহাল থাকা বিষয়ে এ ধরনের দলীয় কার্যক্রম পরিচালনা দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক আচরণ ও দলের ভাবমূর্তির পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে। এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এর আগে কুয়াকাটা পৌর বিএনপির পক্ষ থেকে জমি বিরোধ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছিল। এতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র, সাক্ষী ও প্রমাণাদিসহ দলীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে অনুপস্থিতিতেই অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথাও ওই নোটিশে উল্লেখ ছিল।

জেলা বিএনপির শোকজ নোটিশে দলীয়ভাবে এ ধরনের বিচার কার্যক্রম পরিচালনার বিষয়টি প্রশ্নবিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।

নোটিশ অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে মো. মতিউর রহমান হাওলাদারের লিখিত ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে। তার জবাবের পর দলীয়ভাবে পরবর্তী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না, সে বিষয়ে নোটিশে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও খবর

Sponsered content