সারাদেশ

গঙ্গাচড়ায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের উদ্যোগে ২০০ পরিবারকে আদর্শ খামারি হতে সহায়তা

  গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:৫৯:২১ প্রিন্ট সংস্করণ

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ–এর উদ্যোগে ২০০টি পরিবারকে আদর্শ পারিবারিক খামারি হিসেবে গড়ে তুলতে সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ মাঠে UNDP ও পরিবেশ মন্ত্রণালয়ের অর্থায়নে ‘বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় ছোট দ্বীপ ও নদীর চরাঞ্চলের জন্য অভিযোজন উদ্যোগ’ প্রকল্পের অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

এই কর্মসূচির আওতায় গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের ২০০টি পরিবারকে আদর্শ পারিবারিক দেশি মুরগি খামারি হিসেবে গড়ে তুলতে প্রত্যেক পরিবারকে ২০টি দেশি মুরগি, একটি মুরগি রাখার ঘর, ৫০ কেজি খাদ্য এবং পানির পাত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, ইউএনডিপির লাইভলিহুড অ্যাসোসিয়েট তনু মজুমদার, সিডিএ রফিকুল ইসলাম, এনজিও ফোরামের টেকনিক্যাল অফিসার মাহমুদ কবীর, অ্যাডমিন ও ফাইন্যান্স অফিসার কামরুজ্জামান, ফিল্ড ফ্যাসিলিটেটর মশিউর রহমান ও জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান বলেন, “ইউএনডিপি ও পরিবেশ মন্ত্রণালয়ের অর্থায়নে এই সহায়তা দেওয়া হয়েছে, যাতে আপনাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হয় এবং অতিরিক্ত মুরগি ও ডিম বিক্রি করে আপনারা স্বাবলম্বী হতে পারেন। আমরা আশাবাদী, এই সহায়তা আপনাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সুবিধাভোগী জোলেখা বেগম বলেন, “এনজিও ফোরাম আমাদের যে মুরগি দিয়েছে, তা দিয়ে আমরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব।”
আনুর বাজার পশ্চিম সরকারটারী এলাকার মোকলেছ জানান, “ইউএনডিপি থেকে মুরগি, ঘর ও খাবার পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। এতে আমাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হয়েছে।”

লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, “এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের এই উদ্যোগ গরিব মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে। সবাই যেন এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার করে এবং প্রশিক্ষণে শেখা বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করে।”

ইউএনডিপির লাইভলিহুড অ্যাসোসিয়েট তনু মজুমদার বলেন, “ইউএনডিপি ও পরিবেশ মন্ত্রণালয়ের অর্থায়নে আপনাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়েছে। আমরা আশা করি, এর মাধ্যমে আপনাদের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।”

আরও খবর

Sponsered content