সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ মাসে ৫ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ৪

  মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ২১ মে ২০২৬ , ৬:০১:০০ প্রিন্ট সংস্করণ

আমের রাজধানী খ্যাত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে চোরাচালান, মাদক, অস্ত্র, গবাদিপশু, মোবাইল ফোন, প্রসাধনী, খাদ্যপণ্য ও মানবপাচার প্রতিরোধে চলতি বছরের জানুয়ারি থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, ৫৩ বিজিবির আওতাধীন ১৭টি বিওপির পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ৫ কোটি ৫১ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক, অস্ত্র, গবাদিপশু, মোবাইল ফোন, প্রসাধনী ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের দায়িত্বাধীন ৫৫ কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে ৩২ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া নেই। এর মধ্যে প্রায় ১২ কিলোমিটার পদ্মা নদীপথ। এই সীমান্ত এলাকায় ১৭টি বিওপি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও চোরাচালান প্রতিরোধে দায়িত্ব পালন করছে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ২৬১ বোতল ফেনসিডিল, ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৪০১ বোতল মদ, ৩ হাজার ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং ১১৮টি মোবাইল ফোন।

এছাড়া ২০২০ প্যাকেট বিড়ি, ১১৩ কেজি পাতার বিড়ি, ৯৯ কেজি বিড়ির মসলা জব্দ করা হয়েছে।

গবাদিপশুর মধ্যে ২০৫টি গরু ও ২২টি মহিষ জব্দ করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন প্রসাধনী, খাদ্যপণ্য, সাবান, নারিকেল তেল, পন্ডস ক্রিম, মেহেদী, শ্যাম্পু, জিরা, খেজুর, চিনি, কাজুবাদাম, পেস্তা বাদাম, পান মসলা, ডিটারজেন্ট পাউডার, পেট্রোল, ব্যাটারি, কাচের চুড়ি ও বিভিন্ন ইমিটেশন পণ্য উদ্ধার করা হয়েছে।

চোরাচালানে ব্যবহৃত নৌকা, মোটরসাইকেল, ইজিবাইক ও বাইসাইকেলও জব্দ করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমেও সক্রিয় রয়েছে ৫৩ বিজিবি। শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, আর্থিক সহায়তা এবং শিক্ষা উপকরণ বিতরণের মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায়ও দায়িত্ব পালন করেছে ব্যাটালিয়নটি।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন,
“দায়িত্বপূর্ণ ৫৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের অপরাধ দমনে বিজিবি তৎপর রয়েছে। ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন,“আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।”

আরও খবর

Sponsered content