হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ৭ সেপ্টেম্বর ২০২৫ , ১১:০৯:০৫ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ আট বছর পর আজ সোমবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন। শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বসছে এ আয়োজন। সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৭ সালে। রাজনৈতিক নানা জটিলতায় এতদিন আর সম্মেলন হয়নি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে জেলা বিএনপির রাজনীতিতে।
ইতোমধ্যে মাঠজুড়ে নির্মিত হয়েছে বিশাল মঞ্চ, শহরের মোড়-প্রধান সড়কজুড়ে ঝুলছে ব্যানার, ফেস্টুন ও পোস্টার। জেলা জুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়েছে পুরো শহর। স্থানীয়দের মতে, এ আয়োজন শুধু নেতৃত্ব বাছাই নয়, বরং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে নতুন গতি সঞ্চার করবে।
জানা গেছে, সম্মেলনে সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে অন্যান্য পদে প্রার্থীরা সরে দাঁড়িয়েছেন। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. পয়গাম আলী বলেন, “নেতৃত্ব বাছাই যেভাবেই হোক—ভোটে বা সিলেকশনে—আমরা চাই ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল হোক।”
এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন সরকার জানান, “দেশ গড়ার লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়েই এই সম্মেলনের আয়োজন করেছি। ইতোমধ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলন সম্পন্ন হয়েছে। ফলে সাংগঠনিক কাঠামোতে গতি এসেছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর এ আয়োজন বিএনপির স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার বড় সুযোগ। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি সুদৃঢ় করতেও এটি ভূমিকা রাখবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও সরাসরি উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
এক তরুণ কর্মী জানান, “আমরা অনেকদিন ধরে এমন আয়োজনের অপেক্ষায় ছিলাম। এখন মনে হচ্ছে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড নতুন গতি পাবে।”




















