সারাদেশ

তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার প্রত্যাহারের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩১:০৭ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী তেলিয়াপাড়া চা বাগান-এর ম্যানেজার বাহাউদ্দিন লিটনের প্রত্যাহারের দাবিতে স্থানীয় চা শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে পাঁচ শতাধিক চা শ্রমিক কর্মবিরতি পালন করে বাগান এলাকায় মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাগান সভাপতি খোকন তাঁতি, বাগান সেক্রেটারি লালন পাহান এবং সার্বজনীন পূজা উৎসব কমিটির সভাপতি সরজিত পাশি। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও শ্রমিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে তাদের মধ্যে তীব্র ক্ষোভ জমে উঠেছে। বিশেষ করে সম্প্রতি সরজিত পাশিকে গালাগাল করার অভিযোগের পর শ্রমিকদের অসন্তোষ আরও বেড়েছে বলে তারা দাবি করেন।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার একদল বাগানবাসী বিষয়টি নিয়ে ম্যানেজারের সঙ্গে আলোচনায় বসলে তারা সন্তোষজনক কোনো জবাব পাননি। এর পর থেকেই শ্রমিকদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

মানববন্ধনে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত, কর্মপরিবেশ উন্নয়ন এবং বাগানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ম্যানেজারের প্রত্যাহারসহ একাধিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

অন্যদিকে, ম্যানেজার বাহাউদ্দিন লিটন শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে বলেন, বাগানের নিয়মিত শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করছেন এবং যারা আন্দোলনে অংশ নিয়েছেন তারা বহিরাগত। তবে আন্দোলনকারীরা তার এ বক্তব্য প্রত্যাখ্যান করে নিজেদের নিয়মিত শ্রমিক দাবি করেন এবং প্রকাশ্যে শ্রমিক তালিকা যাচাইয়ের আহ্বান জানান।

ঘটনাকে কেন্দ্র করে তেলিয়াপাড়া চা বাগান এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রত্যাশা করছেন শ্রমিক ও বাগানবাসী।

আরও খবর

Sponsered content