সারাদেশ

দাঁড়িপাল্লায় ভোট দিলে সিলেটের ছয় বড় সমস্যা সমাধান করবো : হাবিবুর রহমান

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ১৬ নভেম্বর ২০২৫ , ৭:৫৫:৩২ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

 

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর এবং সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সুযোগ দিলে সিলেটের ছয়টি প্রধান সমস্যা দ্রুত সমাধান করা হবে। এসব সমস্যার মধ্যে রয়েছে—রাস্তা, ড্রেনেজ, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ-গ্যাস সংকট ও নদীভাঙন।

শনিবার রাতে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সেন্টার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি জানান, ১৯৭৯ সাল থেকে সিলেটে কাজ করার অভিজ্ঞতা তাকে এলাকার বাস্তব সমস্যা জানার সুযোগ করে দিয়েছে।

ঢাকা–সিলেট যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, “সুযোগ পেলে সিলেট-ঢাকা রেললাইন ডাবল লাইন করা হবে। এতে ৩–৪ ঘণ্টার মধ্যে ঢাকায় যাতায়াত সম্ভব হবে।” তিনি আরও বলেন, “একটি ভোট দেশের ভাগ্য পরিবর্তন করতে পারে। তাই চিন্তা-ভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিন।”

সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আজাদ মিয়া। সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড সেক্রেটারি আজমল আলী। সভায় বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, সেক্রেটারি আল ইমরানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে, শনিবার বিকেলে নগরীর নাইওরপুল থেকে টিলাগড় পর্যন্ত দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল প্রচার মিছিলে অংশ নেন প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content