প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ৪:১৭:৩৬ প্রিন্ট সংস্করণ
ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্টি করা সংগীত শিক্ষক ও শরীরচর্চা শিক্ষক—এই দুটি পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
একই সঙ্গে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’-এ বেশ কিছু শব্দগত পরিবর্তন এনে আগের বিধিমালাটি সংশোধন করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান সোমবার দুপুরে দৈনিক মতপ্রকাশ-কে জানান, “রোববার সংশোধিত বিধিমালার গেজেট জারি হয়েছে। আগের বিধিমালায় ৪ ক্যাটাগরির পদ থাকলেও নতুন সংশোধনে দুটি ক্যাটাগরি রাখা হয়েছে। সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষকের পদ আর নেই।”
তবে ধর্মীয় সংগঠনগুলোর সমালোচনার কারণে পদগুলো বাতিল করা হয়েছে কি না—এ বিষয়ে তিনি সরাসরি মন্তব্য করতে চাননি। শুধু বলেন, “আপনারা এটি খতিয়ে দেখতে পারেন।”
বিধিমালায় ‘শব্দগত পরিবর্তন’ আনা হয়েছে বলেও জানান অতিরিক্ত সচিব।
তিনি বলেন, “আগের বিধিমালায় বলা ছিল, মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়া পদগুলোর মধ্যে ২০ শতাংশ বিজ্ঞান বিষয়ের স্নাতক ডিগ্রিধারী এবং বাকি ৮০ শতাংশ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা নিয়োগ পাবেন।
কিন্তু এখানে একটি শব্দগত ভুল ছিল—আসলে কোটার বাইরের ৮০ শতাংশ পদ ছিল ‘কমন’। অর্থাৎ বিজ্ঞান ও অন্যান্য বিষয়ের স্নাতকরাও এ পদে আবেদন করতে পারবেন।
তাই নতুন বিধিমালায় ‘অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে।”
গত অগাস্টে জারি করা ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’-এ প্রথমবারের মতো সংগীত ও শরীরচর্চা বিষয়ের শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয় সরকার। তবে ধর্মভিত্তিক কয়েকটি সংগঠন ও সংশ্লিষ্ট মহলের সমালোচনার পর থেকেই পদ দুটি নিয়ে বিতর্ক শুরু হয়।





















