রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ১০ জুন ২০২৬ , ৯:১২:১৬ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য “গণতন্ত্র, উন্নয়ন, সম্প্রীতি ও সংস্কৃতির মহামিলন” শীর্ষক ঈদ পুনর্মিলনী, সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ২টায় পার্বতীপুর বাস টার্মিনাল রোডস্থ জাতীয়তাবাদী যুবদলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মমিনুল ইসলাম (ডাক্তার) এবং সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব রশিদ সংগ্রাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৩ জুনের অনুষ্ঠানে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকদের মতে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের। প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বখতিয়ার আহমেদ কচি।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও সঞ্চালকের দায়িত্ব পালন করবেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ারুল ইসলাম, যিনি বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (ব্রামা) সভাপতি।
আয়োজকরা জানান, দলীয় সমাবেশের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী মনির খান, সালমা, আকাশ মাহমুদ, মহুয়া মৌ, সুকুমার বাউলসহ দেশের বিভিন্ন খ্যাতিমান শিল্পী।
সংবাদ সম্মেলনে বক্তারা আশা প্রকাশ করেন, এ আয়োজন স্থানীয় জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান আয়োজকরা।




















