মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ৬ অক্টোবর ২০২৬ , ১২:৩১:৩২প্রিন্ট
সংস্করণ
দিনাজপুরের ফুলবাড়ীতে ২২ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে অভিযুক্ত শরিফুল ইসলামকে আদালতে সোপর্দ করে ফুলবাড়ী থানা পুলিশ। এর আগে রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত শরিফুল ইসলাম (২৮) উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত আবতার হোসেনের ছেলে।
এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী তার মায়ের সঙ্গে বাড়ির পাশে চম্পা নামের এক ব্যবসায়ী নারীর বাসায় চুল বাছাইয়ের কাজ করতে যান। এ সময় শরিফুল ইসলাম ইশারায় তরুণীকে ডেকে ওই ঘরের ভেতরে নিয়ে যান। সেখানে মুখ চেপে ধরে এবং জীবননাশের হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
পরে ভুক্তভোগী ঘর থেকে বের হয়ে ইশারায় তার মাকে বিষয়টি জানান। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করে ফুলবাড়ী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তরুণী ও অভিযুক্ত যুবককে থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী তরুণীর প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মামলার বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।