সারাদেশ

বরগুনার আমতলীতে পাউবোর জমি দখল করে ভবন নির্মাণ, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

  মেহেদী হাসান, আমতলী (বরগুনা) প্রতিনিধি: ২০ জানুয়ারি ২০২৬ , ৪:১৪:২৪ প্রিন্ট সংস্করণ

বরগুনার আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জমি দখলের মহোৎসব চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পাউবো আমতলী অফিসের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মো. আলমগীরের সহযোগিতায় প্রভাবশালীরা কোটি কোটি টাকার সরকারি জমি দখল ও ক্রয়-বিক্রয় করছে।

অভিযোগ রয়েছে, অনেক প্রভাবশালী ব্যক্তি ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি জমি লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছেন। আর যারা কিনছেন, তারা আইন-কানুনের তোয়াক্কা না করে পৌর আইন অমান্য করে পাকা স্থাপনা নির্মাণ করছেন। কেউ কেউ দুই থেকে তিনতলা ভবনও গড়ে তুলছেন।

সম্প্রতি সাংবাদিক জসিম সিকদারের বাসার সংলগ্ন এলাকায় মো. সিদ্দিক মিয়া সাড়ে চার শতাংশ সরকারি জমি ১০ লাখ ৫০ হাজার টাকায় এক প্রভাবশালীর কাছ থেকে কিনে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও পানি উন্নয়ন বোর্ড অফিসের বাউন্ডারি ওয়ালের উত্তর পাশে আতাহার হাওলাদার, হাকিম আব্দুল হাইসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সরকারি জমি দখল ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

স্থানীয়রা বলেন, সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি দখল হলেও প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ নেই। অভিযোগ দিলে নামমাত্র নিষেধাজ্ঞা দেওয়া হয়, দু-একদিন কাজ বন্ধ থাকে, পরে আবার শুরু হয়। এভাবে আমতলী পৌরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ডে প্রতিনিয়ত সরকারি জমি দখল হয়ে যাচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আমতলীর উপসহকারী প্রকৌশলী আজিজুর রহমান সুজন বলেন, “সিদ্দিকের অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি জানার পর তাকে কাজ বন্ধ ও মালামাল সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, “পৌরসভার অনুমোদিত প্ল্যান ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। সরকারি জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বৈধ নয়। যে কোনো উপায়ে সরকারি জমি উদ্ধার করা হবে।”

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হান্নান প্রধান বলেন, “পাউবোর জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাউবোর কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও খবর

Sponsered content