সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: ১২ জুলাই ২০২৬ , ১:৩৬:৪৭ প্রিন্ট সংস্করণ
যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসিন আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাঘারপাড়ার রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সাংগঠনিক সূত্র এবং ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও সমাজসেবক অধ্যাপক বোরহান উদ্দিন জানান, শুক্রবার (১১ জুলাই) রাত প্রায় ১১টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
অ্যাডভোকেট মহসিন আলী বাঘারপাড়া উপজেলার দোহাকোলা গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে। ছাত্রজীবনে তিনি মেধা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত ছিলেন। বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় অধ্যয়নকালে তিনি তৎকালীন থানা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে কর্মসূত্রে ঢাকায় বসবাস করতেন। সংগঠনের নেতাদের ভাষ্য, সততা, বিনয়ী স্বভাব ও মানবিক আচরণের জন্য তিনি সর্বমহলে সম্মানিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেন। একই সঙ্গে স্থানীয় বিএনপির নেতারাও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।





















