প্রচ্ছদ

ভূরুঙ্গামারীতে ‘নৌকা ঝুলিয়ে প্রচারণা’, আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার : সন্ত্রাস দমন আইনে মামলা

  মোঃ কামরুল হাসান কাজল ।। ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২৬ জুলাই ২০২৫ , ১০:৫৯:২৭ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি নৌকা রাস্তার মোড়ে ঝুলিয়ে প্রচারণার আয়োজন করেছিলেন আওয়ামী লীগের দুই কর্মী। নৌকার সাথে ছিল তাদের নিজস্ব ছবি ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ডিজিটাল ব্যানার। তবে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে পুলিশ এসে একজনকে গ্রেপ্তার করে।

ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় বাজার এলাকায়। স্থানীয়দের ভাষ্যমতে, বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে মৃত আব্দুস সামাদের ছেলে বারেক (৫৫) ও মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫)—দুজনেই আওয়ামী লীগের সক্রিয় কর্মী—নিজেদের তৈরি করা নৌকাটি একটি লম্বা বাঁশের আগায় ঝুলিয়ে দেন। সঙ্গে ব্যানারে ছিল তাদের ছবি ও আওয়ামী লীগের স্লোগান।

শুক্রবার (২৫ জুলাই) সকালে বিষয়টি নজরে আসলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবি দেখে ময়নাল হককে গ্রেপ্তার করে এবং নৌকাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গ্রেপ্তার ময়নাল হকের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। অপর ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।”

স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই এটিকে ‘অস্বাভাবিক প্রচার কৌশল’ হিসেবে দেখছেন।

আরও খবর

Sponsered content