তানভীর সরদার, স্টাফ রিপোর্টারঃ ৮ মার্চ ২০২৬ , ১২:০৭:১১ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের আটক করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ ও ৬ মার্চ উথলী, মাধবখালী, বেনীপুর ও যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে আসামীবিহীন অবস্থায় ৮৬ বোতল ভারতীয় মদ, ৭ বোতল ফেন্সিডিল, ৩৯ বোতল মাদক সিরাপ, ৩০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ এবং ৪৭২ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে দুইজন পুরুষের পরিচয় জানা গেছে। আটক অন্যদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে শ্রীনাথপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একই পরিবারের ৭ জন ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে এক দম্পতি ও তাদের পাঁচ সন্তান রয়েছে। পরবর্তীতে তাদেরও মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ পারাপার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।




















