সারাদেশ

মান্দায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ হাজার ৪৪২ জন পরীক্ষার্থী

  নওগাঁ প্রতিনিধিঃ ২০ এপ্রিল ২০২৬ , ১০:১২:২৩ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দা উপজেলায় আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর মান্দায় মোট ১১টি কেন্দ্রে ৪ হাজার ৪৪২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে স্কুল পর্যায়ে (এসএসসি) পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৪৭১ জন, মাদ্রাসা পর্যায়ে (দাখিল) ৭২১ জন এবং ভোকেশনাল শাখায় ২৩০ জন শিক্ষার্থী রয়েছে।
উপজেলায় সাধারণ এসএসসির জন্য ৭টি, দাখিলের জন্য ২টি এবং ভোকেশনালের জন্য ২টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।এসএসসি কেন্দ্রগুলো হলো: মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়, গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ, সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, কালিকাপুর চক-কালিকাপুর স্কুল এন্ড কলেজ এবং জোতবাজার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়। দাখিল কেন্দ্র: রেবা আক্তার আলিম মাদ্রাসা ও কালিকাপুর আলীম মাদ্রাসা। ভোকেশনাল কেন্দ্র: মান্দা এসসি পাইলট উচ্চ বিদ্যালয় ও জোতবাজার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়।
এবারের পরীক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে প্রতিটি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কেন্দ্রের আইন-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে তদারকির জন্য একজন করে ট্যাগ অফিসার এবং ম্যাজিস্টেরিয়াল দায়িত্ব পালনের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ে কোনো প্রকার গুজব না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে পৌঁছানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। আশা করছি সকলের আন্তরিক সহযোগিতায় একটি সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।”
পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে প্রশাসন থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি কেন্দ্র এলাকায় বিশেষ নজরদারি থাকবে।

আরও খবর

Sponsered content